সেই ভোর চারটে
ভোর চারটে যদি ভাঙে ঘুম,
চোখ খুলতে পারো,
অন্ধ হয়েই আমার শরীরের
গভীরে ঢুকতে পারো
ভোর চারটে যদি ভাঙে ঘুম,
দরজা খুলতে পারো
দূরের নিভন্ত নক্ষত্রের সাথে
অন্ধকারে হারিয়ে যেতে পারো
ভোর চারটে যদি ভাঙে ঘুম,
এক সমুদ্র রাস্তা পেরোতে পারো
ফুটপাথে জ্বলন্ত কোনো খবরের কাগজে
আরো একবার মুখ পুড়বে কারোর।
ভোর চারটে যদি ভাঙে ঘুম,
ধর্মতলার মাটি শুঁকে দেখতে পারো,
কমলা, লাল, সবুজ, নীল
গন্ধ পাবেনা কারো
ভোর চারটে যদি ভাঙে ঘুম
আজান পড়তে পারো
নয়তো কোনো মসজিদ-মন্দিরে
গৃহহীন বন্দিনীর বুক চাটতে পারো
ভোর চারটে যদি ভাঙে ঘুম,
কুয়োতলায় বাসন মাজতে পারো
কিংবা এক বর্ষণ মেঘের তলায়
নিজের অভিমান ভিজিয়ে দিতে পারো
ভোর চারটে যদি ভাঙে ঘুম,
এক পৃথিবী সম্ভবনা ঘটিয়ে ফেলতে পারো
নইলে এক পৃথিবী স্বপ্ন দেখে
ঘুমের ঘোরে আরেকবার হারিয়ে যেতে পারো।
Comments
Post a Comment